বর্তমান সময়ে মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে আগের তুলনায় অনেক বেশি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা বা হার্টের সমস্যা থেকে দূরে থাকতে স্বাস্থ্যকর জীবনধারা অবলম্বন করা এখন প্রয়োজনীয়। আর তার জন্য জানা জরুরি, কোন খাবার উপকারি, কোনটি ক্ষতিকর। অনেকেই মনে করেন, ফলের রস স্বাস্থ্যকর, কারণ এটি তো ফল দিয়ে তৈরি। কিন্তু কি সত্যিই রস ফলের মতো উপকারী, নাকি তা কিছু ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে?
ফলের রস তৈরি করার সময় এতে থাকা প্রাকৃতিক শর্করা খুব দ্রুত শরীরে পৌঁছে যায়। বিশেষ করে বাজারে পাওয়া অতিরিক্ত মিষ্টি প্যাকেটজাত জুস বা ফ্লেভারযুক্ত জুস পান করলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে।
ফলের মূল উপকারিতা হলো এতে থাকা ফাইবার। কিন্তু জুস করলে এই ফাইবার প্রায় সম্পূর্ণভাবে চলে যায়। ফাইবারের অভাবে, ফলের সুগার সরাসরি রক্তপ্রবাহে পৌঁছে যায়, যার ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। এক গ্লাস জুসে অনেকগুলো ফল থাকে, যা প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি এবং সুগার সরবরাহ করে। এর কারণে ওজন বৃদ্ধি এবং রক্তে সুগার নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে।
ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পরামর্শ হলো:
- শুধু ঘরে তৈরি তাজা জুস খাওয়া উচিত।
- প্যাকেটজাত জুস খুব সীমিত পরিমাণে খাওয়া।
- অতিরিক্ত মিষ্টি জুস সম্পূর্ণভাবে এড়ানো।
অন্যদিকে, পুরো ফল খেলে শরীরে প্রচুর পরিমাণে ফাইবার প্রবেশ করে। এই ফাইবার সুগারকে ধীরে ধীরে রক্তে পৌঁছাতে সাহায্য করে, ফলে হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় না। এছাড়া, ফল খেলে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখে।
ফলের মিষ্টতা প্রাকৃতিক, তাই সঠিক পরিমাণে ফল খেলে কোনো ক্ষতি হয় না। বরং এটি শরীরকে শক্তি যোগায়। ক্ষুধার্ত অবস্থায় ফল খাওয়া একটি স্বাস্থ্যকর বিকল্প, যা পেট ভরাতে সাহায্য করে এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকাঙ্ক্ষা কমায়।
ফল খাওয়া স্বাস্থ্যকর, কিন্তু ফলের রস বিশেষ সতর্কতা নিয়ে খেতে হবে। পুরো ফল সবসময় রসের চেয়ে ভালো, কারণ এতে ফাইবার, ভিটামিন ও খনিজ পূর্ণমাত্রায় থাকে। স্বাস্থ্য রক্ষা করতে এবং শরীর সুস্থ রাখতে ফলকে খাবারের মূল অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ।